ই-ভ্যালি ইস্যুতে মিথিলা-ফারিয়ার আগাম জামিনের আবেদন

১২ ডিসেম্বর, ২০২১ ১৯:২৯  
গ্রাহক ঠকানোর অভিযোগে আলোচিত ই-কমার্স কোম্পানি ইভ্যালির বিরুদ্ধে এক ক্রেতার করা মামলায় অভিনয় শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া রোববার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া দুই আবেদনই বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আতোয়ার রহমানের বেঞ্চে শুনানি হবে। এর মধ্যে মিথিলার আবেদনটি সোমবার বেঞ্চে উঠবে বলে তার আইনজীবী আইনজীবী নিয়াজ মোরশেদ জানান। তবে ফারিয়ার আবেদনের শুনানির তারিখ জানা যায়নি। সাদ স্যাম রহমান নামের এক ব্যক্তি নিজেকে ইভ্যালির এক গ্রাহক হিসেবে পরিচয় দিয়ে ৪ ডিসেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলার নয় আসামির মধ্যে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন ও গায়ক তাহসান খানেরও নাম রয়েছে।